দর্শনা বাসস্ট্যান্ডে ড্রেন নির্মাণে ধীরগতি নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি কাজ, দুর্ভোগে পথচারী

দর্শনা অফিস
দর্শনা বাসস্ট্যান্ড চত্বরে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণকাজে ধীরগতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ পুরোপুরি শেষ না হওয়ায় দুর্ভোগে পড়েছেন বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ীরা। জানা যায়, দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় পৃথক দুটি ড্রেন নির্মাণকাজের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে একটি কোভিড-১৯ প্রকল্পের আওতায় ৪০ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা ব্যয়ে প্রায় ২৬৯ মিটার ড্রেন নির্মাণের কাজ। অপরটি বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে ড্রেনের গাঁথুনির কাজ। কাজ দুটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে চুয়াডাঙ্গার মায়ের দোয়া এন্টারপ্রাইজ ও দর্শনার ঠিকাদার হায়দার আলীর প্রতিষ্ঠান।
কাজ দুটি চলতি বছরের ১৮ মে থেকে ১৮ আগস্টের মধ্যে শেষ করার শর্ত ছিল। তবে ১৯ মে কাজ শুরু হলেও নির্ধারিত সময়ের ৪৩ দিন পরও কাজ পুরোপুরি শেষ হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, ড্রেন নির্মাণের জন্য ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে গর্ত করে রাখায় ক্রেতাদের চলাচলে অসুবিধা হচ্ছে। পাশাপাশি সৃষ্টি হয়েছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। এতে ব্যবসা পরিচালনায় বিঘ্ন ঘটার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তাঁরা। তাঁদের অভিযোগ, কাজ শুরুর পর থেকেই ধীরগতিতে নির্মাণকাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণেই দীর্ঘদিন ধরে তাঁদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তবে ঠিকাদার নাসির উদ্দীন বলেন, আমি ৯৫ কার্যদিবসের মধ্যে কাজ সম্পন্ন করেছি। গত ২৮ সেপ্টেম্বর কাজের শেষ দিন ছিল এবং ওইদিনই কাজ শেষ করেছি। এখন শুধু স্ল্যাবের মুখের ঢাকনা বসানো বাকি রয়েছে। ঢাকনাগুলো তৈরি হয়ে গেছে। শুকাতে কয়েক দিন সময় লাগবে। এক সপ্তাহের মধ্যে সেগুলো বসানো হবে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত অবশিষ্ট কাজ শেষ করে বাসস্ট্যান্ড চত্বরের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।