আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) ভোর সোয়া ৩টার দিকে আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের আলী হোসেন পান্নার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কেদারনগর গ্রামের মো. আইয়ুব আলী (গঙ্গা)-এর ছেলে আলী হোসেন পান্না (৪২), মৃত আরজ আলীর ছেলে মো. আব্দুর রাজ্জাক (৫০) এবং মো. খায়রুল ইসলামের ছেলে সাজিম (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কেদারনগর গ্রামে অভিযান চালান। এ সময় তাঁদের হেফাজত থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন গ্রেপ্তার



