আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর এলাকায় আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে তাফসিরুল কোরআন মাহফিল। আল-আমিন সোসাইটি মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এ মাহফিলকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আসাননগর ব্রিজ মোড় থেকে মাদ্রাসার মাঝামাঝি ধানের চাতালে নির্মাণ করা হয়েছে মাহফিলের প্যান্ডেল। নারী ও পুরুষ মুসল্লিদের জন্য পৃথক প্যান্ডেলের ব্যবস্থা রাখা হয়েছে। নারীদের জন্য প্রজেক্টরের মাধ্যমে মাহফিল সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও করা হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসির করবেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও তাফসিরকারক মুফতি আমীর হামজা। এ ছাড়া মাওলানা হোসাইন আহমাদ মাহফুজ, হাফেজ মাওলানা মারুফ বিল্লাহসহ অন্যান্য আলেম বক্তব্য দেবেন।
আয়োজকরা জানান, বিপুল মুসল্লির সমাগমের বিষয়টি বিবেচনায় প্রায় ১৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্বে থাকবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মাগরিবের নামাজের পর তাফসিরুল কোরআন মাহফিল শুরু হবে।
আলমডাঙ্গায় আজ তাফসিরুল কোরআন মাহফিল, প্রধান অতিথি মুফতি আমীর হামজা



