হরিণাকুণ্ডর তাহেরহুদায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কাজল একাদশ চ্যাম্পিয়ন

হরিণাকুণ্ডু অফিস
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদায় মরহুম নজরুল মাস্টারের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে তাহেরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে ট্রাইবেকারে রিঙ্কু একাদশকে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাজল একাদশ। টুর্নামেন্ট পরিচালক আল আমিনের পরিচালনায় ফাইনাল ম্যাচের উদ্বোধনী বক্তব্য দেন মরহুম নজরুল মাস্টারের ভাইপো প্রিন্স আহমেদ ও শান্ত আহমেদ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর রাশেদ। বিশেষ অতিথি ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অলিউর রহমান সোনা, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাদল রাশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও হরিণাকুণ্ডু ক্রীড়া কল্যাণ সংস্থার সভাপতি সালাউদ্দিন আহমেদ, ব্যবসায়ী সাগর হোসেন এবং হরিণাকুণ্ডু বার্তার চেয়ারম্যান রবিউল ইসলাম। এ ছাড়া এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চারটি দলের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় কাজল একাদশ ও রিঙ্কু একাদশ। নির্ধারিত সময়ে উভয় দল গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে রিঙ্কু একাদশকে ৫-৩ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় কাজল একাদশ।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিদের স্মারক সম্মাননা দিয়ে বরণ করা হয়। পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে তরুণ, শিশু ও বয়োজ্যেষ্ঠসহ বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মনজুর রাশেদ বলেন, আমরা একজন সম্মানিত ব্যক্তির স্মরণে এমন সুন্দর একটি টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আমাদের গ্রামের কৃতী ও গুণীজনদের স্মরণে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটি আয়োজন সফল করেছেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।