স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার নয় মাইল নামকস্থানে পিকআপ ও ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. ফাহিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাখিভ্যানের তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপসহ চালককে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নয়মাইল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নয়মাইল বাজারের অদূরে একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পাখিভ্যানে থাকা তিন বছর বয়সী শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়।
আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামের ফাহিম (৩), বাবলুর স্ত্রী মোছা. মাহফুজা (৪০), দশমী দিঘিরপাড়া গ্রামের মৃত গফুরের ছেলে মো. লিয়াকত (৬৫) এবং হাসানহাটি গ্রামের মামুনের স্ত্রী মোছা. শিউলি (৪০)।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু ফাহিমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত অপর তিনজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) মারুফ রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একটি শিশু মারা গেছে। আহত হয়েছেন তিনজন। এ ঘটনায় পিকআপসহ চালককে আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গার নয় মাইলে পিকআপ-পাখিভ্যানের সংঘর্ষে এক শিশুর মৃত্যু, আহত ৩



