তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন তিতুদহ ইউনিয়নে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। দিন-রাত পরিশ্রম করে নিপুণ হাতে মাটি দিয়ে তৈরি করছেন দেবী দুর্গাসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা। পূজার সময় ঘনিয়ে আসায় এখন চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ।
সরেজমিনে দেখা যায়, বলদিয়া দাসপাড়া সার্বজনীন দুর্গা মন্দির ও ৬৩ আড়িয়া শ্রী শ্রী সত্যনারায়ণ দুর্গা মন্দিরে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। কারিগররা প্রতিমার অবয়ব তৈরি, মাটির প্রলেপ, সূক্ষ্ম কারুকাজ ও রং করার কাজে ব্যস্ত রয়েছেন। প্রতিমাকে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে তুলতে প্রতিটি কাজে নেওয়া হচ্ছে বাড়তি যত্ন।
মৃৎশিল্পী শুনিল পাল জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করতে দিন-রাত পরিশ্রম করতে হচ্ছে। একটি প্রতিমা তৈরিতে কাঠামো তৈরি থেকে শুরু করে মাটি দেওয়া, শুকানো, রং ও সাজসজ্জা—প্রতিটি ধাপেই সময় ও শ্রম দিতে হয়।
বলদিয়া দাসপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি শ্রী সাধন দাস জানান, পূজাকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মন্দির কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্যদিকে ৬৩ আড়িয়া শ্রী শ্রী সত্যনারায়ণ দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী মহাদেব চন্দ্র সাধু খাঁ জানান, প্রতিমা তৈরিসহ মণ্ডপের সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতির কাজ এগিয়ে চলছে। শারদীয় দুর্গোৎসবকে আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য সবাই ব্যস্ত সময় পার করছেন।
এদিকে দুর্গাপূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শুরু হয়েছে উৎসবের আমেজ। মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জা, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতি। প্রতিমা তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততায় এখন মুখর হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো।
তিতুদহে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা



