দর্শনায় যুবদলের তিন দিনের ডেঙ্গু প্রতিরোধ অভিযান সমাপ্ত

দর্শনা অফিস
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে দর্শনা পৌর যুবদলের তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান শেষ হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে দর্শনা সরকারি কলেজ, দর্শনা থানা, কেরু অ্যান্ড কোম্পানি এলাকা, শহরের বিভিন্ন বাজারসহ কয়েকটি স্থানে মশা নিধন স্প্রে করার মধ্য দিয়ে এ কর্মসূচির সমাপ্তি হয়। দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো দর্শনা পৌর যুবদলের উদ্যোগে তিন দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, মশা নিধন এবং সাধারণ মানুষকে সচেতন করার কার্যক্রম পরিচালনা করা হয়।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনের পাশাপাশি বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। কোথাও যেন পানি জমে না থাকে এবং এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।
ফারুক হোসেন আরও বলেন, কর্মসূচির শেষ দিনে দর্শনা সরকারি কলেজ, থানা, বিভিন্ন বাজার ও কেরু অ্যান্ড কোম্পানি এলাকায় মশা নিধন স্প্রে করা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির কার্যক্রম চালানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর যুবদলের সদস্যসচিব জালাল উদ্দিন, যুবদল নেতা মিল্টন, সোহেল তরফদার, আপু, জাহান, শাহিন আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।