দামুড়হুদার কালিয়াবকরিতে পরিবারের হাত-পা বেঁধে ডাকাতি

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের কালিয়াবকরি গ্রামে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতেরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে প্রায় এক ঘণ্টা ধরে বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ২ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কালিয়াবকরি গ্রামের মসজিদপাড়ার মৃত রমজান আলীর ছেলে গোলাম হোসেনের (৫৫) বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়, রাতের আঁধারে ৫-৬ জনের একটি সশস্ত্র দল বাড়িতে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর ঘরের বিভিন্ন স্থানে প্রায় এক ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, ডাকাতেরা বৃদ্ধার কানের দুলও নিয়ে গিয়েছিল। তবে পরে সেটি আবার ফিরিয়ে দিয়ে যায়। ডাকাতির ঘটনায় এমন ব্যতিক্রমী আচরণ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।
গোলাম হোসেন ও তাঁর স্ত্রী বলেন, ডাকাতেরা প্রায় এক ঘণ্টা ধরে বাড়িতে তল্লাশি চালিয়েছে। অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
স্থানীয়রা জানান, গত ১০-১৫ বছরে এলাকায় এ ধরনের ডাকাতির ঘটনা ঘটেনি। হঠাৎ এমন ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ বলেন, ঘটনাটি ঘটেছে, এটি সঠিক। তাঁরা বাদী হলে আইনগত প্রক্রিয়া চলমান থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।