চুয়াডাঙ্গায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার দুই দিনব্যাপী আয়োজনের সমাপনী ও বিজয়ী ক্রীড়াবিদদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এবং জেলা শিক্ষা অফিসের সুসংগঠিত আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে বিজয়ী দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নুর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনিসুর রহমান।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবীর খান বলেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিকভাবে মেধা বিকাশের জন্য বাংলাদেশ সরকার নানা ব্যবস্থা গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শিশুদের মেধা বিকাশের জন্য বৃহৎ পরিকল্পনা করেছেন। তিনি বলেছেন পড়াশোনার পাশাপাশি তোমাদের যে মেধা প্রতিভা আছে তার প্রতিফলন করতে হবে। তারই অংশ হিসেবে আজকে এই খেলাধুলার আয়োজন করা হয়েছে।
তোমরা যারা এ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছ তোমাদের স্থান হবে বরিশাল অথবা খুলনা। তারপর সেখান থেকে তোমরা জাতীয় পর্যায়ে ঢাকায় গিয়ে খেলবে। এসময় তিনি জেলার তরুণ অ্যাথলেটদের সুসংগঠিত নৈপুণ্য ও ক্রীড়াশৈলীর ভূয়সী প্রশংসা করেন এবং পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা, জীবননগর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা এবং সাঁতারের বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে।
প্রতিযোগিতার দলীয় ইভেন্টে বালক হ্যান্ডবলে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় রানার আপ দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালিকা হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয় ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং রানার আপ দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ছেলেদের কাবাডিতে গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয় রানার আপ এবং মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়নের স্থান দখল করে। মেয়েদের কাবাডিতে রাহেলা খাতুন গার্লস একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি রানার আপ ট্রফি তুলে নেয় দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
বুদ্ধিবৃত্তিক খেলা দাবায় বালক মধ্যম গ্রুপে বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ তাসফিকুর রহমান ১ম ও চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের মোঃ সামিন ইয়াসার ২য় স্থান লাভ করে। বালক বড় গ্রুপে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ ওয়াছিউর রহমান ১ম ও এরশাদপুর একাডেমির নাবাত রেহান মারফি ২য় স্থান অর্জন করে। মেয়েদের দাবা মধ্যম গ্রুপে আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের মরিয়ম হাসান ১ম ও বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের অনুরাধা কর্মকার ২য় হয়। বালিকাদের বড় গ্রুপে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ফাতেমা তুল জাকিয়া ১ম এবং কেরু উচ্চ বিদ্যালয়ের ইলিন জাহিদ ২য় স্থান দখল করে।
এ সময় উপস্থিত বিশেষ অতিথিরা বিজয়ী তরুণ অ্যাথলেটদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে এই খেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
এ সময় আরোও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, অতিরিক্ত পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল শেখ মোহাম্মদ নুরুল্লাহ, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মারুফ রহমান সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী।
ম্যাচগুলো পরিচালনা ও মাঠ সাজ শয্যায় সার্বিক সহযোগিতা  করেন মোহাম্মদ আলী সিদ্দিক, ইসলাম রকিব,  ফিরোজ উদ্দিন, আব্দুল হাই, হাফিজুর রহমান,শাহ আলম, মুক্তাদির রহমান, খাইরুল ইসলাম, সাইফুল ইসলাম, মহসিন কামাল, বিপ্লব হোসেন, আহসান হাবিব হাসান, বিলকিচ নাহার,আইরনি ইসলাম, দিলরুবা খুকু, রেবেকা সুলতানা প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।