জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে আলমডাঙ্গাকে হারিয়ে সেমিফাইনালে জীবননগর পৌরসভা

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আলমডাঙ্গা পৌরসভাকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে জীবননগর পৌরসভা। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় দিনের ম্যাচে মুখোমুখি হয় আলমডাঙ্গা পৌরসভা ও জীবননগর পৌরসভা। শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে নির্ধারিত ৯০ মিনিটে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি কোনো দল। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।
পরে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে দুর্দান্ত সাফল্য দেখায় জীবননগর পৌরসভা। নিজেদের নেওয়া চারটি শটের সব কটিতেই গোল করে তারা। জীবননগরের হয়ে গোল করেন শাকিল, অন্তু, তানজিম ও ফাহিম মাহমুদ।
অন্যদিকে আলমডাঙ্গা পৌরসভার চারটি শটের মধ্যে দুটি গোল হয়। গোল করেন ইমন ও তানিম সরকার। অপর দুটি শট থেকে গোল করতে ব্যর্থ হন সুমন ও জিয়ারুল ইসলাম ভদু। ফলে টাইব্রেকারে ৪-২ গোলে জয় নিশ্চিত করে জীবননগর পৌরসভা। এই জয়ের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নেয় জীবননগর পৌরসভা।
ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার, সহকারী কমিশনার এ.এস.এম. আব্দুর রউফ শিবলু, মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, ফাহাদ চৌধুরীসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। মাঠের নিরাপত্তায় দায়িত্ব পালন করেন জেলা পুলিশের সদস্য, রোভার স্কাউট ও বিএনসিসির সদস্যরা। আজ বুধবার একই মাঠে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে চুয়াডাঙ্গা সদর উপজেলা ও দামুড়হুদা উপজেলা মুখোমুখি হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।