মিথ্যা বিজ্ঞাপন দিয়ে চিকিৎসাসহ একাধিক অভিযোগে ভালাইপুরে তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
মিথ্যা বিজ্ঞাপন দিয়ে চিকিৎসাসহ একাধিক অভিযোগে গোকুলখালী এবং ভালাইপুর বাজারে ৩টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে  ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল  মঙ্গলবার  সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, সার, কীটনাশক ও বিভিন্ন খাদ্যসামগ্রীর বাজার তদারকি করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সূত্রে জানা যায়, সদর উপজেলার গোকুলখালী বাজারে অবৈধভাবে সার বিক্রি করায় মো. হামিদুল ইসলামের প্রতিষ্ঠান ‘মেসার্স হামিদুল ট্রেডার্স’কে ৫ হাজার টাকা ও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে চিকিৎসা সেবা প্রদানের দায়ে মো. সাইফুল ইসলামের ‘মেসার্স জিকু মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও সংরক্ষণের অপরাধে ভালাইপুরের মো. কালাম উদ্দিনের ‘মেসার্স ভাই ভাই হোটেলকে ৩০ হাজার টাকাসহ সর্বমোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তদারকি চলাকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, যৌক্তিক মূল্যে পণ্য কেনাবেচা করা নির্দেশ দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।