স্ত্রীর মামলায় গ্রেফতারি পরোয়ানা ভারতে পালানোর পথে দর্শনা ইমিগ্রেশনে আলমডাঙ্গার যুবক গ্রেফতার

দর্শনা অফিস
সাবেক স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় ভারতে পালিয়ে যাওয়ার সময় দর্শনা জয়নগর ইমিগ্রেশন পুলিশের হাতে সালাউদ্দিন আহমেদ নামে এক যুবক গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করা হয়। সালাউদ্দিন আহমেদ (৩৮) আলমডাঙ্গা শহরের কোর্টপাড়ার আলাউদ্দিনের ছেলে।
দর্শনা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, সালাউদ্দিনের সাবেক স্ত্রী তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন। ওই মামলায় ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালতে গত ২৩ আগস্ট তারিখে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে গেলে তার বিরুদ্ধে থাকা গ্রেফতারি পরোয়ানার বিষয়টি শনাক্ত হয়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।
দর্শনা ইমিগ্রেশনে দায়িত্বে থাকা এএসআই তারেক মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারি পরোয়ানা থাকায় সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি)  নজরুল ইসলাম বলেন, আমরা আসামিকে আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। পরে তারা তাকে জেল হাজতে প্রেরণ করেছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।