হরিণাকুণ্ডুতে সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা

হরিণাকুণ্ডু প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদক, যৌতুক, আত্মহত্যা, অনলাইন জুয়া, যৌন হয়রানি ও বাল্যবিয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের গৃহীত তিন বছর মেয়াদি অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ‘চিত্র মিডিয়া’র স্বত্বাধিকারী জুয়েল রানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোক্তার আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সভায় বক্তারা বলেন, মাদক ও অনলাইন জুয়া তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে আত্মহত্যার প্রবণতা, নারী নির্যাতন ও বাল্যবিয়ে সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা শিক্ষার্থীদের মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সামাজিক অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যুবসমাজকে এগিয়ে আসার তাগিদ দেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।