দর্শনা অফিস
দর্শনা বাসস্ট্যান্ড চত্বরে নির্মাণাধীন ড্রেনের ওপর অবৈধভাবে নির্মিত দোকানঘর ও শেড অপসারণের নোটিস দিয়েছে দর্শনা পৌরসভা। গতকাল বুধবার বাসস্ট্যান্ড এলাকার ড্রেনসংলগ্ন ব্যবসায়ীদের এ নোটিস দেওয়া হয়।
জানা গেছে, প্রায় চার মাস আগে দর্শনা পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় ড্রেন নির্মাণের কাজ শুরু হয়। বর্তমানে সেখানে পৃথক দুটি ড্রেন নির্মাণের কাজ চলছে। এর মধ্যে কোভিড-১৯ প্রকল্পের আওতায় ৪০ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা ব্যয়ে প্রায় ২৬৯ মিটার ড্রেন ঢালাইয়ের কাজ চলছে। অপরটি এডিপির অর্থায়নে ড্রেনের গাঁথুনির কাজ। কাজ দুটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে চুয়াডাঙ্গার মায়ের দোয়া এন্টারপ্রাইজ এবং দর্শনার ঠিকাদার হায়দার আলীর প্রতিষ্ঠান।
পৌরসভা সূত্রে জানা গেছে, ড্রেন নির্মাণকাজ শুরুর আগে নির্মাণস্থলের অবৈধ দোকানঘর ও দোকানের ছাউনি ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে সরিয়ে নেন। তবে ড্রেন নির্মাণকাজ শেষ হওয়ার আগেই কয়েকজন ব্যবসায়ী আবার ড্রেনের ওপর দোকানঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের শেড নির্মাণ করেন। এতে সড়কের পাশ দিয়ে নির্মাণাধীন ড্রেনের ওপর দিয়ে চলাচলকারী পথচারীদের ফুটপাত ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় পথচারীদের চলাচলের পথ উন্মুক্ত রাখতে ড্রেনের ওপর নির্মিত দোকানঘর ও শেড অপসারণের উদ্যোগ নিয়েছে পৌরসভা।
পৌরসভার দেওয়া নোটিসে বলা হয়েছে, দর্শনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণাধীন ড্রেনের ওপর দোকানঘর বা শেড নির্মাণ করা হয়েছে, যা পৌর আইনের পরিপন্থী। নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে অবৈধভাবে নির্মিত দোকানঘর বা শেড অপসারণের জন্য ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে। অন্যথায় পৌর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দর্শনা পৌরসভার প্রশাসকের স্বাক্ষরিত পৃথক নোটিসের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিষয়টি জানানো হয়েছে।
দর্শনা বাসস্ট্যান্ডে ড্রেন দখল করে অবৈধভাবে স্থাপনা তৈরী তিন দিনের সময় বেঁধে দিয়ে উচ্ছেদের নোটিস পৌরসভার



