জীবননগর অফিস
জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। তবে সৌভাগ্যক্রমে বাসে থাকা ৭-৮ যাত্রীসহ চালক, হেলপার ও সুপারভাইজার অক্ষত রয়েছেন। বুধবার ভোর ৫টার দিকে জীবননগর-দত্তনগর সড়কের পাথিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটির নাম রংতুলি পরিবহন। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৫১৯৫।
স্থানীয় সূত্রে জানা গেছে, রংতুলি পরিবহনটি মঙ্গলবার রাতে ঢাকা থেকে ছেড়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা এলাকার দিকে যাচ্ছিল। বুধবার ভোরে জীবননগরের পাথিলায় পৌঁছালে একটি মোড় ঘোরার সময় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
এ সময় বাসে ৭-৮ জন যাত্রী ছাড়াও চালক, হেলপার ও সুপারভাইজার ছিলেন। দুর্ঘটনায় বাসটির কিছুটা ক্ষয়ক্ষতি হলেও কোনো যাত্রী বা বাসকর্মী আহত হননি। দুর্ঘটনার পর সবাই নিরাপদে বাস থেকে বের হয়ে আসেন।
বাসের যাত্রী আফজাল হোসেন বলেন, রাত ১১টার দিকে ঢাকা থেকে রংতুলি পরিবহনটি ছেড়ে আসে। ভোরে জীবননগরে যাত্রী নামিয়ে নেপার দিকে যাওয়ার সময় পাথিলার মোড় ঘোরার মুহূর্তে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে বাসে থাকা কারও কোনো ক্ষতি হয়নি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, বাস দুর্ঘটনার খবর তিনি শুনেছেন। তবে এতে কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, অল্পের জন্য বাঁচলেন যাত্রীরা



