হরিণাকুণ্ডুতে পুলিশ আসার আগেই উজ্জ্বলের পলায়ন, ঘরে মিলল ৭ পিচ ইয়াবা

হরিণাকুণ্ডু প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক যুবকের ঘর তল্লাশি চালিয়ে ৭ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের অভিযানের আগেই পালিয়ে যাওয়ায় উজ্জ্বল (৩২) নামে ওই যুবককে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার উপজেলার তাহেরহুদা ইউনিয়নের পোলতাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জ্বল তাঁর বাড়িতে ইয়াবা সেবন করছেন—এমন অভিযোগে স্থানীয় কয়েকজন তাঁকে আটকের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে তিনি দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর ঘর তল্লাশি করে ৭ পিস ইয়াবা উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উজ্জ্বল দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তাঁর কারণে এলাকায় মাদকের বিস্তার বাড়ছে এবং তরুণ-যুবসমাজের একটি অংশ মাদকে আসক্ত হয়ে পড়ছে। তাঁকে দ্রুত আইনের আওতায় এনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে উজ্জ্বলের পরিত্যক্ত ঘর তল্লাশি করে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্টতা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে এবং যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।