হিজলগাড়ী প্রতিনিধি
হিজলগাড়ী কাঁচাবাজারের টিনশেড উন্নয়নকাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। নির্ধারিত সিডিউল অনুযায়ী কাজের মান বজায় না রেখে দায়সারাভাবে কাজ শেষ করার চেষ্টার অভিযোগে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। একপর্যায়ে তাদের বাধার মুখে উন্নয়নকাজ বন্ধ রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, হিজলগাড়ী কাঁচাবাজারের উন্নয়নের জন্য সরকারি বরাদ্দ পাওয়ার পর সম্প্রতি টিনশেড নির্মাণ ও উন্নয়নকাজ শুরু হয়। তবে কাজ শুরুর পর থেকেই সিডিউল অনুযায়ী নির্মাণসামগ্রী ব্যবহার না করার অভিযোগ ওঠে। নিম্নমানের ইট, সুরকি ও প্রয়োজনের তুলনায় কম সিমেন্ট ব্যবহারের অভিযোগ করেন স্থানীয়রা।
তাদের দাবি, বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে একাধিকবার সতর্ক করা হলেও অভিযোগের কোনো সমাধান হয়নি। বরং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করেই কাজ চালিয়ে যাওয়া হচ্ছিল।
গতকাল কাজের গতি বাড়ানোর চেষ্টা করা হলে ক্ষুব্ধ এলাকাবাসী সেখানে জড়ো হয়ে নির্মাণকাজের মান নিয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে তারা কাজ বন্ধ করে দেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান ও উপকরণের সঠিক অনুপাত নিয়ে প্রশ্ন করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
স্থানীয় এক বাজার ব্যবসায়ী বলেন, বাজারটি আমাদের প্রতিদিনের রুটিরুজির জায়গা। অনেক চেষ্টার পর সরকারি বরাদ্দ এসেছে। কিন্তু নিম্নমানের কাজ হলে সামান্য বৃষ্টিতেই স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা চাই, কাজের গুণগত মান নিশ্চিত করে সঠিকভাবে উন্নয়নকাজ সম্পন্ন করা হোক।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। উপজেলা প্রকৌশলী ও স্থানীয় প্রশাসনের বক্তব্যও পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর অভিযোগের প্রকৃত চিত্র বেরিয়ে আসবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
হিজলগাড়ী কাঁচাবাজারের টিনশেড উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ



