ঝিনাইদহ অফিস
কৃষকের মাঠে পৌরসভার ময়লার ভাগাড় তৈরির প্রতিবাদে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষক ও এলাকাবাসী। সোমবার সকালে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা মহাসড়কের ওপর গাছের ডাল ফেলে অবরোধ সৃষ্টি করেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা অবরোধে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম জনভোগান্তির সৃষ্টি হয়।
কৃষক ও স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ঝিনাইদহ পৌরসভার ময়লা ফেলার জন্য সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা মাঠে জায়গা প্রস্তুতের কাজ চলছিল। বিষয়টি জানতে পেরে কৃষক ও এলাকাবাসী একাধিকবার বাধা দিলেও তাতে কর্ণপাত করা হয়নি বলে অভিযোগ তাদের।
এরই প্রতিবাদে সোমবার সকালে কোনো উপায় না পেয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কৃষক ও এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, পৌরসভার ময়লা ফেলার জন্য মোয়াজ্জেম হোসেন বৈডাঙ্গা মাঠে জায়গা প্রস্তুত করছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় কৃষক ও এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, মোয়াজ্জেম হোসেনের সঙ্গে কথা বলার পর তিনি ওই স্থানে আর ময়লা ফেলা হবে না বলে আশ্বস্ত করেন। পরে কৃষক ও এলাকাবাসীকে বিষয়টি জানানো হলে তারা অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কৃষকের মাঠে পৌরসভার ময়লার ভাগাড় তৈরির প্রতিবাদে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ



