আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ট্যাপেন্টাডল ও ইয়াবার গুঁড়া উদ্ধার করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে সামারি ট্রায়ালের মাধ্যমে তাৎক্ষণিক বিচারের জন্য আদালতে পাঠানো হলে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
পুলিশ জানায়, ওসমানপুর পুলিশ ক্যাম্পের এসআই নবাব আলীর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হারদী এলাকায় অভিযান চালিয়ে মাফুজ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে আট পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। গ্রেপ্তার মাফুজ হারদী চেয়ারম্যানপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে।
অপর অভিযানে এসআই এসএম নিয়ামুল হকের নেতৃত্বে পুলিশ কামালপুর চরপাড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে সুজ্জল হোসেন (২৮)কে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে দশমিক ১ গ্রাম ইয়াবার গুঁড়া, ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, দুটি ইয়াবা সেবনের কাঠি ও তিনটি বোতলের মুটকি উদ্ধার করা হয়। সুজ্জল একই এলাকার আবুল কাশেমের ছেলে।
এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আব্দুস সালাম (৩০) ও নাহিদ হাসান (২১) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা যথাক্রমে হাউসপুর ও পুরাতন বাজার রথতলা এলাকার বাসিন্দা।
পুলিশ আরো জানায়, আব্দুস সালাম ও নাহিদ হাসানকে আলমডাঙ্গা থানার ৩ সেপ্টেম্বরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, মাফুজ ও সুজ্জলকে সামারি ট্রায়ালের মাধ্যমে তাৎক্ষণিক বিচারের জন্য আদালতে পাঠানো হয়। আদালত মাফুজকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সুজ্জল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৪, দুজনের কারাদণ্ড



