হরিণাকুণ্ডু প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। গতকাল রবিবার সকালে প্রিরনাথ স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আব্দুল মমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুরা মৌনা এবং হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, পৌরসভা বিএনপির সভাপতি জিন্না খান, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইদ্রিস আলী, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হক (টিটু), শিশু কলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিয়ামত আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক ও হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী দর্শক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন বলেন, ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে ওঠে।’ তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান।
জানা গেছে, উদ্বোধনী দিনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুটবল, কাবাডি, হ্যান্ডবলসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। সপ্তাহব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের খেলা শেষে ফাইনাল ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হবে।
হরিণাকুণ্ডুতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন



