দামুড়হুদায় ইয়াবাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

দামুড়হুদা অফিস
দামুড়হুদায় ১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। পরে তাকে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) আদালতে হাজির করা হলে আদালত ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলা গ্রামের আসমত আলীর বাড়ির পূর্ব পাশ থেকে আনারুল ইসলাম (২৬) কে গ্রেপ্তার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে সাদা পলিথিনে রাখা ১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে বিধি মোতাবেক মাদকদ্রব্যটি জব্দ করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তিকে দামুড়হুদা মডেল থানায় নিয়ে এসে সংক্ষিপ্ত বিচার আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জব্দ, চোরাকারবারি, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, ডাকাত এবং বিভিন্ন অপরাধে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।