চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. আহসান উল হক শাহীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, মাঠপর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে দেশের কৃষকরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন। প্রান্তিক পর্যায়ের কৃষকদের দোরগোড়ায় কৃষি উপকরণ ও প্রয়োজনীয় কৃষিসেবা পৌঁছে দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল, আন্তরিক ও সজাগভাবে কাজ করতে হবে, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে। সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃষকদের কাছে সরকারের কৃষিবিষয়ক বিভিন্ন সুযোগ-সুবিধা পৌঁছে দিতে তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরোও বলেন, বিগত সময়ে কৃষিবিদদের অনেক ক্ষেত্রেই সঠিকভাবে কাজ করার সুযোগ ছিল না। বর্তমান পরিস্থিতিতে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠপর্যায়ে কৃষিসেবা নিশ্চিত করার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া বিষাক্ত পার্থেনিয়াম উদ্ভিদ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধান অতিথি। মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ উদ্ভিদের বিস্তার রোধে কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সচেতন ও কার্যকরভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মহাসচিব সৈয়দ জাহিদ হোসেন। তিনি বলেন, কৃষির উন্নয়ন ও কৃষকদের কল্যাণে সরকারের সঙ্গে সমন্বয় করে ডিপ্লোমা কৃষিবিদরা ভবিষ্যতেও কাজ করে যাবেন। কৃষকের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষিকে আরও সমৃদ্ধ ও টেকসই করতে মাঠপর্যায়ের কৃষিবিদদের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক এস টি আহমেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক মো. মোকারম হোসেন, সদস্য সচিব মো. তবারক হোসেন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ডিপ্লোমা কৃষিবিদরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।