স্টাফ রিপোর্টার
দামুড়হুদা উপজেলার বিভিন্ন গ্রামের নারীদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টার দিকে দামুড়হুদা উপজেলা সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) উপজেলা উন্নয়ন সহায়তার চতুর্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দের আওতায় এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে তারা পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। সেলাই মেশিনের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয়-রোজগারের সুযোগ পাবেন এবং ধীরে ধীরে আত্মনির্ভরশীল হয়ে উঠবেন।
তিনি বলেন, মানুষের চাওয়া-পাওয়ার কোনো শেষ নেই। সমাজের একদিকে অনেক মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার সামর্থ্য হারাচ্ছেন, অন্যদিকে বিত্তশালী মানুষের জীবনযাত্রায় রয়েছে ভিন্ন বাস্তবতা। তাই ভালো থাকার জন্য প্রত্যেককে নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে হবে।
উপকারভোগীদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, সরকার আপনাদের জন্য ৪০টি সেলাই মেশিনের ব্যবস্থা করেছে। আমার অনুরোধ, আপনারা আরও অন্তত ৪০ জন নারীকে সেলাইয়ের কাজ শেখাবেন। এতে প্রশিক্ষণপ্রাপ্ত নারীরাও ভবিষ্যতে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। একই সঙ্গে পরবর্তী সময়ে সরকারি বা অন্য কোনো উদ্যোগে সেলাই মেশিন পাওয়ার সুযোগও তৈরি হবে।
তিনি আরও বলেন, আল্লাহ মানুষকে কখনো অর্থ-সম্পদ দিয়ে, আবার কখনো অর্থের অভাব দিয়ে পরীক্ষা করেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, বিএনপির দামুড়হুদা উপজেলা সেক্রেটারি রফিকুল হাসান তনুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রামের নির্বাচিত নারী উপকারভোগীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
দামুড়হুদায় নারীদের কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণকালে এমপি রুহুল আমিন



