কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবগঠিত অ্যাডহক কমিটির মতবিনিময়

কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা সম্পন্ন হয়। বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি প্রভাষক মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক জুলফিকার আলি ভুট্ট, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন রাসেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, হাউলী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি তৌহিদুল ইসলাম টগর এবং যুবদল নেতা আসাদ। শিক্ষক জাহিদুল ইসলামের দক্ষ উপস্থাপনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রভাষক মো: মতিয়ার রহমান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামান। এছাড়া অভিভাবক প্রতিনিধি হিসেবে কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন রাসেল এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে শিক্ষক শিরিনা পারভিন কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করা, শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।