গাংনীর সাহারবাটীর বীর মুক্তিযোদ্ধা কমরেড গোলাম মোস্তফার স্মরণসভা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস
মুক্তিযুদ্ধের চেতনা, চারুশিল্প ও সমাজ পরিবর্তনের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মেহেরপুরের জেলার গাংনীর সাহারবাটীর বীর মুক্তিযোদ্ধা ও চারুশিল্পী প্রয়াত কমরেড গোলাম মোস্তফার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধ কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম।
গত শুক্রবার বিকেলে গাংনী উপজেলার সাহারবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ এমলাক হোসেন মুক্তমঞ্চে কমরেড গোলাম মোস্তফা স্মরণ কমিটির আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা তাঁর রাজনৈতিক আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, শিল্পচর্চা এবং সমাজ পরিবর্তনের আন্দোলনে অবদানের কথা তুলে ধরেন।
স্মরণসভায় বক্তারা বলেন, গোলাম মোস্তফা ছিলেন আদর্শের প্রতি অবিচল একজন সংগ্রামী মানুষ। অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। তাঁর রাজনৈতিক দর্শন ও সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহবান জানান তারা।
কমরেড গোলাম মোস্তফা ১৯৪৫ সালের ৬ অক্টোবর গাংনীর সাহারবাটী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শহীদ শিক্ষক এমলাক হোসেনের ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে পড়াশোনা করেন এবং শিল্পাচার্য জয়নুল আবেদীনের ছাত্র ছিলেন। চারুশিল্পের পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে তিনি আমৃত্যু সমাজ পরিবর্তনের সংগ্রামে সক্রিয় ছিলেন। চলতি বছরের ১৭ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।
মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা ও গাংনী উপজেলা সুজনের সভাপতি মোজাম্মেল হক, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলম, গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, এ কে এম আনোয়ারুল হক কালু, আনসারুল হক এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার।
শুভেচ্ছা বক্তব্য দেন তামজিদুর রহমান মুক্তি, প্রয়াত গোলাম মোস্তফার জামাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হামিদুল হিল্লোল এবং শিক্ষক গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী এবং প্রয়াতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।