আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী মোল্লার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌর এলাকার মাদ্রাসাপাড়ার কৃতী সন্তান ও বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে দারুস সালাম দপ্তরে বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তারের নেতৃত্বে এবং থানার অফিসার ইনচার্জ বাণী ইসরাইলের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে। পরে জানাজা শেষে দারুস সালাম কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দাফন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা, মুক্তিযোদ্ধা সংগঠক বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, আব্দুল জব্বার, ওয়াজেদ আলী, ডা. লিয়াকত আলী, আবুল কালাম আজাদ, ডা. আলী আকবর আকু, সিরাজুল ইসলাম, ফরহাদ হোসেন, সাবেক পৌর কাউন্সিলর শরিফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানাজায় সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।