দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলা সদরের মাথাভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জনি হোসেন (৪০) ও ফিরোজ হোসেন (৩৫) নামে আরও দুজন গুরুতর আহত হয়েছেন।গতকাল রবিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন হোসেন দামুড়হুদা উপজেলার চিৎলা নতুনপাড়া গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে। আহত জনি হোসেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক এবং ফিরোজ হোসেন একই হাসপাতালের ফার্মাসিস্ট হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শাহিন হোসেন মোটরসাইকেলে করে বাড়ি থেকে দামুড়হুদা উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে জনি হোসেন ও ফিরোজ হোসেন একই মোটরসাইকেলে করে কর্মস্থল দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন। উপজেলা সদরের ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহিন হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নাবিল শাহরিয়ার ও ডা. তারুণ তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে আনার আগেই শাহিন হোসেনের মৃত্যু হয়েছিল।
অন্যদিকে গুরুতর আহত জনি হোসেন ও ফিরোজ হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দামুড়হুদায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২



