দামুড়হুদার ফকিরপাড়া মোড়ে চাঁদার টাকা না পেয়ে যুবককে কুপিয়ে জখম, ঢাকায় রেফার্ড

স্টাফ রিপোর্টার
দামুড়হুদার ফকিরপাড়া গ্রামে সিহাব মিয়া (২০) নামের এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দামুড়হুদা উপজেলার ফকিরপাড়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সিহাবকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। আহত সিহাব মিয়া চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ গ্রামের মামুনের ছেলে। তিনি পেশায় ইজিবাইক মেরামতের কাজ করেন।
ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা যায়, সম্প্রতি সিহাব বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ বিষয়কে কেন্দ্র করে হাটকালুগঞ্জ এলাকার ইমান আলীর ছেলে ইমরান তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরেই সিহাবের ওপর হামলা চালানো হয়েছে। তবে হামলার পেছনে চাঁদা দাবি নাকি অন্য কোনো ঘটনা রয়েছে, তা পুলিশের তদন্তেই জানা যাবে।
আহত সিহাব মিয়া অভিযোগ করে বলেন, এক সপ্তাহ আগে ইমরান তাকে ফোন করে চাঁদা দাবি করেন। এ সময় ইমরান তাকে বলেন, ‘তুই তো বিদেশ যাবি, আমাকে তিন লাখ টাকা দিয়ে যা।’ এরপর আর কোনো কথা হয়নি। শুক্রবার বিকেলে তিনি ফুটবল খেলার উদ্দেশ্যে ইজিবাইকে করে দামুড়হুদা উপজেলার উজিরপুরে যাচ্ছিলেন। ফকিরপাড়া এলাকায় পৌঁছালে ইমরান ইজিবাইকটি থামিয়ে তাকে নিচে নামতে বলেন। তিনি নামতে না চাইলে ইমরান তার হাত ধরে জোরপূর্বক ইজিবাইক থেকে নামিয়ে নেন এবং কিছু কথা আছে বলে জানান। সিহাব তার কথা না শুনে আবার ইজিবাইকে ওঠার চেষ্টা করলে ইমরান দেশীয় অস্ত্র (চাপাতি) বের করে পেছন দিক থেকে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন বলেন, আহত অবস্থায় সিহাব মিয়াকে হাসপাতালে আনা হয়। তার বাম হাতে ধারালো অস্ত্রের দুটি আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে রেফার্ড করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, ঘটনাটি আমি একজন সাংবাদিকের মারফতে জেনেছি। তবে এ বিষয়ে এখনো থানায় কোন প্রকার অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।