দর্শনার আকন্দবাড়িয়ায় মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দর্শনা অফিস
মাদকমুক্ত সমাজ গঠন ও মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গার দর্শনার আকন্দবাড়িয়া গ্রামে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দর্শনা থানা লোকমোর্চা ও আকন্দবাড়িয়া মাদক নির্মূল কমিটির যৌথ আয়োজনে গতকাল বৃহস্পতিবার সন্ধায় এ কর্মসূচির আয়োজন করা হয়। “মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান” এবং “পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য এক মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই কেবল মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।
বক্তব্যের পূর্বে একটি র‌্যালি গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে স্থানীয় জনগণ, পুলিশ সদস্য এবং নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে মাদকমুক্ত সমাজ গঠনে সবার সক্রিয় সহযোগিতা কামনা করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।