মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উৎযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে সাবেক এমপি আমজাদ হোসেনের রাজনৈতিক কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুর ইসলাম, সাহারবাটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমাতারা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম। এসময় উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ইউসুফ আলীসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন বলেন, দলের দুঃসময়ে যখন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দেশী-বিদেশি ষড়যন্ত্রে হত্যা করা হয় সেই সময় একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি দেশের ও দলের কঠিন দুঃসময়ে দলকে সঠিক পথে পরিচালনা করে দেশকে বিভিন্ন পর্যায়ের খারাপ অবস্থা থেকে টেনে তুলে মানুষের কল্যাণে কাজ করার উদ্যোগ নিয়েছিলেন।
আলোচনা সভা শেষে দলের প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রুহুল আমিন।
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী গাংনীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত



