আলমডাঙ্গা অফিস
‘তারুণ্যের নেতৃত্বে জীববৈচিত্র্য সংরক্ষণ’ শীর্ষক কর্মপরিকল্পনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার উদ্যোগে আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় পবিত্র আল-কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মশালা শুরু হয়। পরে সংগঠনের সভাপতি সাঈদ এম হিরন স্বাগত বক্তব্য দেন। তিনি তরুণ প্রজন্মকে প্রাণী ও প্রকৃতির প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখার আহ্বান জানান। কর্মশালায় সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সাঈদ এম হিরন সভাপতি, আমিরুল ইসলাম জয় সহসভাপতি এবং আরাফাত রহমান অরণ্য সেক্রেটারি নির্বাচিত হন।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা রেজাউল করিম বলেন, তরুণ প্রজন্ম দেশের পরিবর্তন ও পরিবেশ রক্ষার অন্যতম শক্তি। প্রাণ-প্রকৃতি রক্ষায় তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপদেষ্টা বুলবুল আহমেদ বলেন, প্রকৃতি আমাদের মায়ের মতো। তাই সম্মিলিতভাবে তাকে আগলে রাখতে হবে। বৃক্ষরোপণ, নদ-নদী রক্ষা এবং বিশেষ করে কুমার নদ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সংগঠনের সহসভাপতি আমিরুল ইসলাম জয় তরুণদের ‘সোনার মানুষ’ ও দেশ গড়ার সৈনিক হিসেবে উল্লেখ করে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ। এ ছাড়া সংগঠনের উপদেষ্টা, পরিবেশকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রায় ৬০ জন যুবক-যুবতী অংশ নেন। এ সময় সংগঠনের বিগত দিনের বিভিন্ন কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। পরে নারী উদ্যোক্তা আর. এ. তামান্নার দেওয়া কেক কাটার মাধ্যমে নতুন কমিটিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
কর্মশালায় সংগঠনের উপদেষ্টা ও পরিবেশকর্মীরা সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ার শপথ নেন। পাশাপাশি পশুপাখি ও পরিবেশের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করার অঙ্গীকার করেন। দুই ঘণ্টাব্যাপী কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে আম, সুপারি, বহেড়া, অর্জুন, আমলকী, লেবু, জলপাই ও পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, তরুণদের নেতৃত্বে জীববৈচিত্র্য সংরক্ষণ, বৃক্ষরোপণ, নদ-নদী রক্ষা এবং প্রাণী ও প্রকৃতির নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।
আলমডাঙ্গায় তারুণ্যের নেতৃত্বে জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত



