জীবননগর-দত্তনগর সড়কের ব্রিজের পাশ থেকে পালসার মোটরসাইকেল চুরি

জীবননগর অফিস
জীবননগর-দত্তনগর সড়কের মাছবাজার সংলগ্ন একটি ব্রিজের পাশ থেকে পালসার-১৫০ সিসি মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। দুপুর ১২টা থেকে বিকাল ৩টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় জীবননগর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর বাওড়পাড়া এলাকার আব্দুস সাত্তার মন্টুর ছেলে টিটো মিয়া (৩০) তাঁর স্ত্রী পাপিয়া খাতুনের নামে সদ্য কেনা পালসার-১৫০ সিসি মোটরসাইকেলটি শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে জীবননগর-দত্তনগর সড়কের মাছবাজার সংলগ্ন ব্রিজের পাশে রেখে পাশের শ্বশুর বকুল মিয়ার বাড়িতে যান।
প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৩টার দিকে শ্বশুরবাড়ি থেকে ফিরে এসে তিনি দেখতে পান, ঘটনাস্থলে রাখা মোটরসাইকেলটি নেই। পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেও মোটরসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
টিটো মিয়ার অভিযোগ, অজ্ঞাতনামা চোর বা চোরেরা সুযোগ বুঝে কৌশলে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। তিনি জানান, শ্বশুরবাড়িতে যাওয়ার সময় প্রায়ই ওই স্থানে মোটরসাইকেলটি রেখে যেতেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মোটরসাইকেলটি উদ্ধারে ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।