দর্শনা অফিস
দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০ গ্রাম গাঁজাসহ সাবুর আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) শেষে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে গত ১২ আগস্ট সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে থানার এসআই জাহাঙ্গীর আলম গোপন সংবাদের ভিত্তিতে ছোট শলুয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ছোট শলুয়া গ্রামের মৃত শাহাদত মণ্ডলের ছেলে সাবুর আলীকে তাঁর নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে আটক সাবুর আলীকে সংক্ষিপ্ত বিচারের জন্য চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত সাবুর আলীকে আইনানুগ প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হয়েছে। দর্শনা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
দর্শনায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৬ মাসের কারাদণ্ড



