আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে আটজন গ্রেফতার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযানে একশত পিচ টাপেন্টাডল ট্যাবলেট ও পাঁচ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া বিভিন্ন মামলার আরও দুই আসামি এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে পৃথক অভিযানে আটজনকে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গতকাল সোমবার  ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গতকাল সোমবার ভোর আনুমানিক ছয়টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীরামপুর গ্রামের অভিযান চালায়। এ সময় বক্সীপুর গ্রামের কুরবান মিস্ত্রির ছেলে রবিউল ইসলাম (৩৬) কে আটক করা হয়। তাঁর কাছ থেকে ১০০টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় রবিউল ইসলামসহ এজাহারনামীয় আরও চারজন এবং অজ্ঞাতনামা ৯ থেকে ১০ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় মামলা করা হয়েছে।
এর আগে একই রাতে রাত সাড়ে তিনটার দিকে হাপানিয়া পুলিশ ক্যাম্প পুলিশের  নেতৃত্বে গোকুলখালী বাজারের পশুহাটের সামনে অভিযান চালানো হয়। সেখান থেকে দামুড়হুদা উপজেলার গোপিনাথপুর খালপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩৫) কে পাঁচ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এছাড়াও আলমডাঙ্গা থানায় দায়ের করা একটি মাদক মামলার তদন্তে পাওয়া আসামি কোর্টপাড়ার আবু জাফর বাপ্পা (৩৭) কে স্টেশনপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপর অভিযানে দুই আগস্ট আলমডাঙ্গা থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি দায়পাড়া গ্রামের ইব্রাহিম হোসেন (২২) কে  গ্রেপ্তার করা হয়।
মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন—কুমারী মাস্টারপাড়ার শাকের আলী, নতিডাঙ্গার আমিরুল ইসলাম, আনন্দধামের রনি মালিথা (২১) এবং একই এলাকার পরেশ কুমার দাশ।পুলিশ জানায়, তাঁদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, মাদক ও অপরাধবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন মামলার পলাতক ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।