কার্পাসডাঙ্গা প্রতিনিধি
বাল্যবিবাহ নিবন্ধনের অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হওয়ায় কার্পাসডাঙ্গার কাজী সামসুল হকের লাইসেন্স বাতিল করা হয়েছে। এছাড়াও একই সাথে আইন লঙ্ঘন করে ভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরির অভিযোগ প্রমাণিত হওয়ায় দামুড়হুদা উপজেলার ৩ নং কার্পাসডাঙ্গা ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার কাজী মোঃ সামসুল হকের লাইসেন্স বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
আইন ও বিচার বিভাগের বিচার শাখা ৭ হতে জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আব্দুল ওহাব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয় কাজী সামসুল হকের বিরুদ্ধে বাল্যবিবাহ নিবন্ধনের অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হয়। এছাড়া মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা ২০০৯ এর ২০ বিধির বিধান লঙ্ঘন করে নিজের অধিক্ষেত্রের বাইরে মেহেরপুর জেলার মেহেরপুর মহিলা দাখিল মাদ্রাসায় এমপিওভুক্ত সহকারী মৌলভী পদে চাকরি করার বিষয়টিও জেলা শিক্ষা অফিসার ও ¯’ানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের চিঠির ভিত্তিতে প্রমাণিত হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এসব কর্মকাণ্ড মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালার ২০০৯ এর বিধি ১১ অনুযায়ী গুরুতর অসদাচরণের সামিল। পূর্বে তাকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় ২০১০ সালে ইস্যুকৃত তার নিকাহ্ রেজিষ্ট্রীর লাইসেন্সটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলো।
অফিস আদেশে আরও বলা হয়, কার্পাসডাঙ্গা ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রারের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। আগামী অনধিক ১২০ দিনের জন্য সংলগ্ন কোনো এলাকার কাজীকে সেখানে অতিরিক্ত দায়িত্ব প্রদানের পাশাপাশি সাবেক কাজী সামসুল হকের কাছ থেকে বালাম বহিসহ সকল প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য জেলা রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে।
বাল্যবিয়ে নিবন্ধনের অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হওয়ায় কার্পাসডাঙ্গার কাজী সামসুল হকের লাইসেন্স বাতিল



