জীবননগর অফিস
জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামে বিরোধপূর্ণ একটি জমিতে আদালতের নির্দেশে স্থাপিত নোটিশ বোর্ড ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন মামলার বাদীপক্ষ।
মামলার বাদীপক্ষের স্বজন ও স্থানীয় বাসিন্দা রাজা মিয়া জানান, ধোপাখালী বেপারীপাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে জনি হোসেন জনি (৩৫) ধোপাখালী ৭ নম্বর মৌজার ১৮৩ দাগ ও ৬৭০ খতিয়ানে অন্তর্ভুক্ত ৪৮ শতক কৃষিজমি বিক্রির জন্য তার সঙ্গে চুক্তি করেন। পরে তার স্ত্রী ময়না খাতুনের নামে জমিটি রেজিস্ট্রির কথা থাকায় তিনি জমির মূল্য হিসেবে ১৪ লাখ টাকা জনির কাছে পরিশোধ করেন।
রাজা মিয়ার দাবি, ২০২৫ সালের ২০ জানুয়ারি জমি রেজিস্ট্রির উদ্দেশ্যে উভয় পক্ষ জীবননগর সাব-রেজিস্ট্রি অফিসে যান। দলিল প্রস্তুতের পর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে জনি কৌশলে টাকা নিয়ে চলে যান এবং আর রেজিস্ট্রি সম্পন্ন করেননি।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ চলতি বছরের ১২ এপ্রিল অনুষ্ঠিত সালিসে জনি ১৪ লাখ টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করলেও পরে তা বাস্তবায়ন করেননি। বরং বিরোধপূর্ণ জমিটি অন্যত্র বিক্রি করে দেন বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় ময়না খাতুন বাদী হয়ে আদালতে মানি স্যুট মামলা নং-০১/২০২৬ দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশ অনুযায়ী গত ৩১ জুলাই দায়িত্বপ্রাপ্ত নাজির সোহেল রানা ও উজির আজিবর রহমান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমিতে একটি নোটিশ বোর্ড স্থাপন করেন। বাদীপক্ষের অভিযোগ, পরদিন ১ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্ত জনি হোসেন ওই আদালত-স্থাপিত নোটিশ বোর্ড প্রকাশ্যে উপড়ে ফেলে দেন।
এ বিষয়ে অভিযুক্ত জনি হোসেনের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য তৌফিকুর রহমান টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনির কাছ থেকে ১৪ লাখ টাকা ফেরত দেওয়ার বিষয়ে আমরা স্থানীয়ভাবে কয়েকবার সালিস করেছি। তিনি বারবার প্রতিশ্রুতি দিলেও টাকা ফেরত দেননি। আদালতের স্থাপিত নোটিশ বোর্ড ভেঙে ফেলার অভিযোগও অত্যন্ত গুরুতর।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জীবননগরে বিরোধপূর্ণ জমিতে আদালতের নোটিশ বোর্ড ভাঙচুরের অভিযোগ



