গাছের ডাল পড়ে গুরুতর আহত চুয়াডাঙ্গা জজকোর্টের তরুণ আইনজীবী রোকনুজ্জামানের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার :
গাছের ডাল পড়ে গুরুতর আহত চুয়াডাঙ্গা জজকোর্টের তরুণ আইনজীবী মো. রোকনুজ্জামান রোকন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন) । গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে দীর্ঘ ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৩১ বছর। মরহুম রোকনুজ্জামান রোকন আলমডাঙ্গা উপজেলার সাহেবপুর গ্রামের বাবুল আকতারের ছেলে। তিনি চুয়াডাঙ্গার গুলশানপাড়ায় বসবাস করতেন। মৃত্যুকালে স্ত্রী ইভা খাতুন, দুই বছরের এক পুত্র সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব সাহেবপুর গ্রামে একটি মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে নিজ গ্রামের কবরস্থানে দাফনকাজ সম্পন্ন হয়েছে।
তরুণ আইনজীবী মো. রোকনুজ্জামান ২০১২ সালে মানবিক বিভাগ থেকে আলমডাঙ্গার ভোগাইল বগাদী মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজ থেকে ২০১৪ সালে মানবিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। চুয়াডাঙ্গার বেসরকারি বিশ^বিদ্যালয় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ২০১৯ সালে আইন বিভাগে অনার্স পাশ করেন। এরপর বাংলাদেশ বার কাউন্সিল থেকে ২০২৩ সালের ৯ মার্চ এনরোলমেন্ট প্রাপ্ত হন এবং ২০২৩ সালের ২ মে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ সারোয়ার বাবু ও সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) জেলা আইনজীবী সমিতির সদস্য মো. রোকনুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। মরহুম আইনজীবীর স্মরণে আগামী রোববার কোর্ট রেফারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হবে।
অপরদিকে মরহুম রোকনুজ্জামানের জানাযায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা পরিষদের প্রশাসক মোঃ শরীফুজ্জামান শরীফ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম, বারের সভাপতি মারুফ সারোয়ার বাবু , সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম মানি , এম এম শাহজাহান মুকুল (পিপি), আব্দুল খালেক (জিপি)সহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন ।
যোগ করতে হবে।
প্রসঙ্গত : গত ১৮ জুলাই শনিবার বিকেলে রোকনুজ্জামান মোটর সাইকেলযোগে চুয়াডাঙ্গা হতে নিজ গ্রাম আলমডাঙ্গার সাহেবপুরে স্ত্রী-সন্তানসহ যাওয়ার পথে ভালাইপুরে গাছের ডাল ভেঙ্গে রোকনুজ্জামানের মাথার ওপরে পড়ে। এসময় জেলা আইনজীবী সমিতির সদস্য রোকনুজ্জামান রোকন, তার স্ত্রী ইভা খাতুন ও দুই বছরের ছেলে শিশু সন্তান গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রোকনুজ্জামানকে মুমূর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় এবং সেই থেকে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।