আলমডাঙ্গায় লোকমোর্চার আয়োজনে বৃক্ষ রোপণ ও সচেতনতামুলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গায় লোকমোর্চার আয়োজনে বৃক্ষ রোপণ ও সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলার এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। এরপর বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাধ্যমিক স্কুল পর্যায়ে বাল্যবিবাহ ও নারী নির্যাতন নিরোধ, মাদকের কুফল এবং শ্রেণিকক্ষে মোবাইলের ব্যবহার বন্ধে জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এম.সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান।
ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল আলিম সজলের উপস্থাপনায় সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। অল্প বয়সে বিয়ে হলে একটি মেয়ের শিক্ষা ব্যাহত হয়। শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় এবং পরিবার ও সমাজ উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন থাকা এবং কোথাও এমন ঘটনা ঘটতে দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো। একইভাবে নারী নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নারীকে সম্মান করা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং সমঅধিকার প্রতিষ্ঠা করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ছেলে-মেয়ে সবাইকে পারস্পরিক শ্রদ্ধাবোধ, মানবিকতা ও সহমর্মিতার শিক্ষা গ্রহণ করতে হবে। মাদক একটি ভয়ংকর অভিশাপ। এটি একজন মেধাবী শিক্ষার্থীকে ধ্বংস করে দিতে পারে। একটি পরিবারকে বিপর্যস্ত করতে পারে এবং সমাজে অপরাধ বৃদ্ধি করে। তাই তোমরা মাদক থেকে শতভাগ দূরে থাকবে এবং বন্ধুদেরও এ বিষয়ে সচেতন করবে।
তারা আরও বলেন, শ্রেণিকক্ষে মোবাইল ফোনের ব্যবহার। প্রয়োজন ছাড়া ক্লাসে মোবাইল ব্যবহার শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করে । পড়াশোনায় ব্যাঘাত ঘটায় এবং সময়ের অপচয় ঘটায়। প্রযুক্তি অবশ্যই প্রয়োজন। তবে তা শিক্ষা ও সৃজনশীল কাজে ব্যবহার করতে হবে। বিনোদন বা অপ্রয়োজনীয় কাজে নয়। শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানাই আপনারা সন্তানদের সঙ্গে নিয়মিত কথা বলুন। তাদের নৈতিক শিক্ষা দিন এবং তাদের কার্যক্রমের প্রতি নজর রাখুন। পরিবার, বিদ্যালয় ও সমাজ একসঙ্গে কাজ করলেই আমরা একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে পারব। আমরা সবাই শপথ করি বাল্যবিবাহকে না বলব। নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হব। মাদককে ঘৃণা করব এবং শ্রেণিকক্ষে মোবাইলের অপব্যবহার বন্ধ করে মনোযোগ দিয়ে লেখাপড়া করব।
সভায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি, প্রচার প্রকাশনা সম্পাদক আহাদ আলী মোল্লা, জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার সভাপতি এম. সবেদ আলী, সদর উপজেলা লোকমোর্চার দপ্তর সম্পাদক শেখ লিটন, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মুজাহিদ আল সাদিদ, লামিয়া খাতুন প্রমুখ।
সচেতনতামুলক সভায় উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চার সহ-সভাপতি তানজিলা মিনি, সদর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক পারভিন লাইলা, আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার সহ-সভাপতি সাহিদা খাতুন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, লোকমোর্চার সদস্য পারভিনা, সামিমা আরা প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।