স্টাফ রিপোর্টার
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, ক্লাব এবং অসহায়-দরিদ্র মানুষের মাঝে বাইসাইকেল, ঢেউটিন, ফুটবল ও জার্সি বিতরণ করা হয়েছে| গতকাল রবিবার বিকেল ৪ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে এসব সামগ্রী বিতরণ করা হয়| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র| আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন| এছাড়া বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল |
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট ৬৭টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে| এছাড়া বিদ্যালয় ও ক্লাব মিলিয়ে ৪০ সেট জার্সি এবং ৯০টি ফুটবল প্রদান করা হয়| একই সঙ্গে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব এবং অসহায়-দরিদ্র পরিবারের মাঝে ৪০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়|
এসময় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন বলেন, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষা, খেলাধুলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে| শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এসব উপকরণ বিতরণ করা হয়েছে| দেশকে দুর্নীতিমুক্ত করতে সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে| পাশাপাশি জনগণ এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে|
বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে আমরা আছি| সেই লক্ষ্যে সরকার এবং আমরা সকলে মিলে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা উপহার দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি| দূর থেকে বিদ্যালয়ে যেতে দরিদ্র শিক্ষার্থীদের অনেক কষ্ট হয়| সে কারণেই তাদের জন্য সাইকেলের ব্যবস্থা করা হয়েছে| পাশাপাশি বিদ্যালয় ও ক্লাবগুলোতে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে| আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে| তিনি আরোও বলেন, সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে বেতন দেয়, সেটি সরকারের নিজ¯^ অর্থ নয়, জনগণের করের অর্থ থেকেই পরিচালিত হয়| তাই আমরা যে যেখানে আছি, জনগণের জন্য কাজ করব| তাহলেই প্রকৃত অর্থে দেশ এগিয়ে যাবে|
সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানান| পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন| এ সময় শিক্ষার্থীরা সাইকেল ও ক্রীড়া সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করে| একইভাবে হতদরিদ্র পরিবারগুলো ঢেউটিন পেয়ে সন্তোষ প্রকাশ করে|
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দার, পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল সহ সদর উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন|
চুয়াডাঙ্গায় বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ



