দর্শনা অফিস
দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) শেষে আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে তিতুদহ পুলিশ ক্যাম্পের এসআই অরূপ কুমার গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ছোট শলুয়া গ্রামের মাসুদ মাস্টারের বাঁশবাগানের সামনে ইটের রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান চালায়। এসময় অভিযানে ছোট শলুয়া গ্রামের আমানত আলীর ছেলে ওয়াসিম মিয়া (৩২)-এর হেফাজত থেকে ৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত ওয়াসিম মিয়াকে গতকাল ররিবার আদালতে উপস্থাপন করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সংক্ষিপ্ত বিচারে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেন।
দর্শনা থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দর্শনায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার



