আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের ২ ন¤^র ওয়ার্ডের পোয়ামারি দক্ষিণপাড়ায় পুকুর খনন করে পাড় বাঁধার নামে রাতের আঁধারে মাটি পরিবহন এবং ভবন নির্মাণের জন্য সড়কের ওপর বালি ফেলে রাখার অভিযোগ উঠেছে| এতে বেলগাছি-পোয়ামারি-পাঁচলিয়া সংযোগ সড়কে যান চলাচল ব্যাহত হয়ে সাধারণ মানুষের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে|
গতকাল শুক্রবার বিকেল প্রায় ৫টার দিকে সরেজমিনে দেখা যায়, সড়কের ওপর বালি ছড়িয়ে থাকায় একটি পণ্যবাহী ছোট পিকআপ, কয়েকটি মোটরসাইকেল ও পাখিভ্যান আটকে রয়েছে| স্থানীয়দের অভিযোগ, সড়কে বালির স্তূপ ও কাদামাটির কারণে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে|
স্থানীয় সূত্রে জানা যায়, আইলহাস এলাকা থেকে পাঁচলিয়া গ্রামে বিয়ের উদ্দেশ্যে যাওয়া একটি বিয়ের বরযাত্রীর গাড়িও এ সড়কে আটকে পড়ে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়ে|
রবযাত্রীর সাথে আসা এক যাত্রী কুষ্টিয়া বাবু সেনেটারীর মালিক বাবু মিয়া বলেন, বিয়ের অনুষ্ঠান শেষে আমরা সন্ধ্যার আগেই ফিরে যেতে চেয়েছিলাম নিজেদের শহরে| এখন এই অনাকাঙ্খিত ভোগান্তির কারণে পরিবেশ অন্যদিকে মোড় নেবে বলে মনে হচ্ছে| এই ভোগান্তি কমানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি করেন|
এলাকাবাসীর দাবি, পুকুর খননের মাটি রাতের আঁধারে বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছে| পাশাপাশি ভবন নির্মাণের জন্য সড়কের ওপর বালি ফেলে রাখায় জনদুর্ভোগ আরও বেড়েছে| দ্রুত এসব কার্যক্রম নিয়ন্ত্রণ এবং সড়ক চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা|
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনূর আক্তার-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে|
আলমডাঙ্গার পোয়ামারিতে পুকুর খননের মাটি ও নির্মাণসামগ্রী রাস্তার উপরে রাখায় যান চলাচলে চরম ভোগান্তি



