দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাস নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৯ জনের মধ্যে ২ কোটি ৫৩ লাখ টাকার চেক বিতরণ

স্টাফ রিপোর্টার
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চুয়াডাঙ্গা রেলবাজারে রেলওয়ে ওভারপাস নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় রেলবাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চেক বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার।
ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত  ৯ জন ভূমি মালিকদের মাঝে মোট ২ কোটি ৫৩ লক্ষ ৩৪ হাজার ১শত ৮৯ টাকার চেক বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্থদের মধ্যে চেক গ্রহণ করেন আবুল কালাম আজাদ, মালেকা পারভীন, মেহেদী হাসান জোয়ার্দ্দার, লোনা পারভীন, জান্নাত পারভীন, আব্দুল মতিন জোয়ার্দ্দার, সাইজুল ইসলাম, আলমগীর হোসেন খোকন, সাইফুল ইসলাম (বিপুল শরীফ)।
এ সময় জেলা প্রশাসক  বলেন, জমি শুধুমাত্র একটি ঠিকানা নয় এর সাথে জড়িয়ে থাকে বহু স্মৃতি যার কারণে জমিকে তারা তাদের সন্তানের মত ভালোবাসেন। যখন সরকারের কাজের জন্য জমি প্রয়োজন হয় তখন এভাবে অধিগ্রহণ করা হয় তারই ক্ষতি পূরণ হিসেবে এই চেক বিতরণ। অনেকক্ষেত্রে, একটি জমি থেকে যতটুকু আয় হয়, অধিগ্রহণের ফলে ততটুকু আয় হয় না অথবা হয়তো এই একটি দোকানই ছিল একজনের আয়ের একমাত্র ক্ষেত্র। তাই তাদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যে, কোনো প্রকার হয়রানি ছাড়া সঠিকভাবে আমরা যেন এই ক্ষতিগ্রস্থ মানুষদেরকে সাহায্য করতে পারি।
তিনি আরও বলেন, আমি সর্বদা চেয়েছি এবং সবাইকে নির্দশনা দিয়েছি যেন এই চেক বিতরণের ক্ষেত্রে শতভাগ সচ্ছতা নিশ্চিত থাকে। কোনো প্রকার কোনো আর্থিক লেনদেন বা হয়রানি করা না হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যতদ্রুত সম্ভব আপনাদের হাতে আপনাদের চেক বিতরণ করে দেওয়ার জন্য। আপনারা সব সময়ই আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা আমরা খুব দ্রুততার সাথে কাজটি করতে পারিনি কিন্তু আপনারা যথেষ্ঠ ধৈর্যের পরিচয় দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। সব সময় সকল ভালো কাজের সাথে আপনারা থাকেন। এই মুহূর্তে আমরা নয়টি আবেদনকারীর মাঝে চেক বিতরণ করছি। আরো ১০ জন আবেদন করেছেন তাদের তথ্য সংগ্রহ করা হয়েছে। আমি আশা করছি তাদেরকে আগামী সপ্তাহের মধ্যে এগুলোর ব্যবস্থা করে দেওয়া যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী সাদিকুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার এস. এম. আশিস মোমতাজসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।