সরোজগঞ্জে বাস দুর্ঘটনায় গুরুতর আহত মিজানুরকে আশঙ্কাজনক অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে নেয়া হলো ঢাকায়

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার সরোজগঞ্জে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় গুরুতর আহত মিজানুর রহমানকে (৫৩) উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় নেওয়া হয়। এর আগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় রেফার্ড করেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় ঢাকাগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ দুর্ঘটনায় একই পরিবারের সাতজনসহ মোট ২৩ জন আহত হন। আহতদের মধ্যে এক নারীর একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত তিনজনকে রাজশাহী ও ঢাকায় রেফার্ড করা হয়।
আহত মিজানুর রহমান মাদারীপুর জেলার চরকালিকাপুর গ্রামের সালাম হোসেনের ছেলে। তিনি ঢাকার কেরানীগঞ্জে বসবাস করেন। পারিবারিক দাওয়াতে যোগ দিতে তিনি আলমডাঙ্গা উপজেলার পাঁচলিয়া গ্রামে ছেলের শ্বশুরবাড়িতে এসেছিলেন। দাওয়াত শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন।
চিকিৎসকরা জানান, দুর্ঘটনায় মিজানুর রহমানের মাথাসহ হাত-পায়ে গুরুতর আঘাত লাগে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. এহসানুল হক তন্ময় বলেন, মিজানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।