স্টাফ রিপোর্টার
জেলার দর্শনা সীমান্তে ৫ জন নারী-পুরুষকে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি। বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে দর্শনার জয়নগর সীমান্তের বিপরীতে গেদে সীমান্ত দিয়ে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান গতকাল বিকাল ৪টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিএসএফ ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের প্রচেষ্টা বিজিবির তৎপরতায় প্রতিহত করা হয়েছে। আজ ভোর রাত ৪টার দিকে সীমান্ত পিলার ৭৬/৪-এর নিকট দিয়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের সদস্যরা ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। এদের মধ্যে ১ জন পুরুষ, ৩ জন মহিলা ও ১ জন শিশু রয়েছে।
উক্ত ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশের পূর্বেই বিজিবি টহল দল তাদেরকে বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। এ সময় তারা সীমান্তবর্তী কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান নেয়। পরবর্তীতে বিএসএফ উক্ত ব্যক্তিদের ভারত সীমান্তে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
দর্শনা সীমান্তে ৫ জন নারী-পুরুষকে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি



