জীবননগরে দুর্বৃত্তদের হামলায় দুইজন আহত

জীবননগর অফিস
জীবননগর উপজেলার নতুনপাড়া এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে দুই ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে সাইদুর রহমান (৪০) ও তার চাচাতো মামা জুলফিকার আলী ভুট্ট (৪৮) নতুনপাড়া গ্রামে যাওয়ার পথে শাবু মুদি দোকানের সামনে পৌঁছালে অভিযুক্ত দিহান (২৬) ও  তার বাবা মোংলা (৫০) তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন। এসময় পূর্বের বিরোধের জেরে অভিযুক্তরা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে সাইদুর রহমানের বাম হাতের কব্জিতে গুরুতর আঘাত লাগে এবং জুলফিকার আলী ভুট্টের পিঠে আঘাত লেগে আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় সাইদুর রহমান বাদী হয়ে জীবননগর থানায় দিহান ও মোংলাকে আসামি করে মামলা দায়ের করেছে। এ বিষয়ে জীবননগর থানার পক্ষ থেকে মামলাটি গ্রহণ করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।