দামুড়হুদায় ইয়াবাসহ দুই মাদকসেবী আটক

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর এলাকায় ইয়াবাসহ দুই মাদকসেবীকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচার শেষে আদালত তাদের পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন। আটকরা হলেন, দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর কুলবিলা গুচ্ছগ্রামের জুড়োন আলীর ছেলে আজাবুল হক (২২) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরপুর গ্রামের রেজাউল হকের ছেলে রিয়াজ হোসেন (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিনের তত্ত্বাবধানে এসআই প্রদীপ বিশ্বাস গত মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে বিষ্ণুপুর বাজার এলাকায় দায়িত্ব পালনকালে মোবাইল ফোনে খবর পান, ইব্রাহিমপুর কুলবিলা গুচ্ছগ্রাম কবরস্থানের সামনে দুই ব্যক্তি মাদক সেবন করায় স্থানীয় লোকজন তাদের আটক করে রেখেছেন।
খবর পেয়ে এসআই প্রদীপ বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ১০টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আজাবুল হক ও রিয়াজ হোসেনকে পুলিশের হেফাজতে নেন। পরে তাদের দেহ তল্লাশি করে আজাবুল হকের জিন্স প্যান্টের ডান পকেট থেকে একটি এবং রিয়াজ হোসেনের জিন্স প্যান্টের বাম পকেট থেকে একটি করে মোট দুইটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
পরে এসআই প্রদীপ বিশ্বাস আটক দুই আসামিকে সংক্ষিপ্ত বিচারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত আজাবুল হককে ১৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া রিয়াজ হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের বিশেষ অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।