মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের টিসি মোহরার আবুল কালাম আজাদকে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন তিনি। গতকাল শনিবার দুপুরে নিজ বাস ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত বুধবার দুপুরে নুরুল ইসলাম ভেন্ডার নামে এক ব্যক্তি একটি দলিল রেজিস্ট্রি করাতে অফিসে আসেন। দলিলে বিক্রেতার প্রাপ্য জমি সাড়ে সাত শতক উল্লেখ থাকলেও তিনি ১১ শতক জমি রেজিস্ট্রির জন্য চাপ দেন। যাচাইয়ে গড়মিল ধরা পড়লে সংশোধনের পরামর্শ দেওয়া হয়, যা নিয়ে ক্ষুব্ধ হয়ে তিনি অফিসে হট্টগোল ও কর্মচারীদেরকে হুমকি দেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশের সহায়তা নেওয়া হলে সাময়িকভাবে ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাট হয় এবং রেজিস্ট্রি কার্যক্রম পুনরায় শুরু হয়।
পরে ওইদিন রাত আটটার দিকে অভিযুক্তের নির্দেশনা ও আর্থিক মদদে প্রায় ১২ জনের একটি দল অফিসের দ্বিতীয় তলায় ঢুকে আমার ওপর অতর্কিত হামলা চালায়। আমাকে টেনে বাইরে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর, পকেট কেটে ২-৩ হাজার টাকা ছিনতাই, দেশীয় অস্ত্র দিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টা এবং পেটে ইট ছুড়ে মারে। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে একটি রাজনৈতিক ক্যাম্প কার্যালয়ে নিয়ে গিয়ে লাইভ ভিডিওতে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করে বলেও অভিযোগ করা হয়।
গুরুতর আহত অবস্থায় আমাকে প্রথমে গাংনী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। গত ১৭ জুলাই রাত ১২টার দিকে থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের সময় অভিযুক্ত পক্ষের লোকজন মামলা না নেওয়ার জন্য থানায় গিয়ে অনুরোধ করে বলেও জানান ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সিসিটিভি ফুটেজ, ফরেনসিক প্রতিবেদন ও আসামিদের মধ্যে কথোপকথন পর্যালোচনার মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি গণমাধ্যমকর্মীদের কোনো পক্ষের প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে গাংনীতে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
গাংনী সাব-রেজিস্ট্রি অফিসের টিসি মোহরার আজাদের সংবাদ সম্মেলন



