আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার সকাল দশটার দিকে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আলমডাঙ্গা পৌরসভার মডেল সরকারি বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার।
তিনি বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে হবে। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তবে ভবিষ্যতে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। তিনি তার বক্তব্য বলেন বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ ও মনোরম করে তোলাই মূল লক্ষ্য।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। পরে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) আলী হোসেন, রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর খাইরুল ইসলাম, প্রধান শিক্ষক খন্দকার নাজমুস সালেহীন, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত



