খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা
সামান্য বৃষ্টিতেই আলমডাঙ্গা প্রথম শ্রেণির পৌরসভার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পানি জমে কাদায় একাকার হয়ে পড়ছে রাস্তাঘাট। ফলে পৌর শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অভ্যন্তরীণ সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, গত কয়েক দিনের বৃষ্টিতেই পৌর শহরের বিভিন্ন সড়কে পানি জমে যায়। বিশেষ করে আলমডাঙ্গা বাজার, পৌর সদরের আশপাশ, স্কুল-কলেজ সড়ক এবং বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। খানাখন্দে পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক পথচারী কাদা-পানি মাড়িয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, প্রতি বছর বর্ষার আগে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তেমন কোনো কাজ হয় না। অল্প বৃষ্টিতেই রাস্তা ডুবে যায়। এতে মানুষের চলাচলের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। পাশাপাশি পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা অপর্যাপ্ত হওয়ায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারছে না। ফলে ঘণ্টার পর ঘণ্টা পানি জমে থাকে। এতে একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে, অন্যদিকে জমে থাকা পানিতে ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মশার উপদ্রবও বাড়ছে।
পৌরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাগুলো থাকলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। তাদের দাবি, বর্ষা মৌসুমে জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হোক।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন আলমডাঙ্গা পৌরবাসী।
সামান্য বৃষ্টিতেই আলমডাঙ্গা পৌর শহরের রাস্তায় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে মানুষ



