দামুড়হুদায় রেখা পরিবহনের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত

কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের ধান্যঘরা ক্লাব মোড়ে বাসচাপায় সিয়াম নামের ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের পলাশের ছেলে।
স্থানীয়া ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে শিশু সিয়াম তার দাদির সঙ্গে কার্পাসডাঙ্গা থেকে ধান্যঘরা গ্রামে নিজ বাড়িতে ফিরছিল। বাড়ির কাছাকাছি ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় পৌঁছালে সে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় ফরিদপুর থেকে ছেড়ে আসা কার্পাসডাঙ্গাগামী রেখা পরিবহন নামের একটি দ্রুতগামী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশু সিয়াম গুরুতর আহত হয়। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর পথিমধ্যেই তার মৃত্যু হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেখা পরিবহনের ধাক্কায় শিশুটি মারাত্মক আহত হয় এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর ঘাতক পরিবহনটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।